ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

পাবনা, ২৫ এপ্রিল – পাবনার ঈশ্বরদী উপজেলায় ডিগ্রীরচর নামে একটি খাস মহল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়ার আকাতের ঘাটে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- চরকুড়ুলিয়া গ্রামের পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)। অন্য আহতদের নাম জানা যায়নি। সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৬-৭ হাজার বিঘার খাস জমি প্রতি বছরের ন্যায় এবারও সরকারি ইজারা দেওয়া হয়। এবার ইজারা পান স্থানীয় বিএনপি নেতা সাইদুর প্রামাণিক ও তার লোকজন। নতুন করে ইজারা পেলেও আগে থেকেই আওয়ামী লীগ ও বিএনপির একটি গ্রুপের কাছে চরটি দখলে রয়েছে। সেই দখলমুক্ত করতেই আজকে সাইদুরের লোকজন চরে প্রবেশের চেষ্টা করে।
এ সময় দখলে থাকা মুকুল গ্রুপের লোকজন তাদের চরের নিকটবর্তী আকাতের ঘাটে বাধা দেয় এবং গুলিবর্ষণ করে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তীতেও চরটি দখল নিয়ে একাধিক গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ২৫ এপ্রিল ২০২৫









