নরসিংদী

শিশুকে যৌন হয়রানির অভিযোগ মাদ্রাসার নিরাপত্তাপ্রহরীকে গণপিটুনি

নরসিংদী, ০৯ মার্চ – নরসিংদীতে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শনিবার (৮ মার্চ) রাত ৮টায় শহরতলীর গাবতলি এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নিরাপত্তা প্রহরীর নাম মো. সাইফুল ইসলাম (৫০)। তিনি কুমিল্লার জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে। নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মাদ্রাসার ছয় বছর বয়সী ওই শিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন নিরাপত্তাকর্মী মো. সাইফুল ইসলাম। পরে ওই শিশু ঘটনাটি মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে গেলেও পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় নিরাপত্তাকর্মীকে উদ্ধার করা হয়।

মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, শিশুটি আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। এরই মধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে ওই নিরাপত্তাকর্মীকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, গাবতলী এলাকার একটি মাদ্রাসার নিরাপত্তা প্রহরী এক শিশুকে ধর্ষণচেষ্টা চালান। এ অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language