জাতীয়

২০২৭ সালের হজে আবাসন খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

ঢাকা, ২০ জুলাই – ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সংরক্ষিত বা ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার জন্য সৌদি আরব সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ ব্যক্ত করেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৭ সালের হজের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে হজের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের খরচ সাশ্রয় করতে ২০২৬ সালের হজের মতো ১ শতাংশ আবাসন ব্যবস্থা বহাল রাখার প্রস্তাব দিয়েছেন ধর্মমন্ত্রী।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত জানান, এ সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি হাতে পেয়েছেন এবং প্রয়োজনীয় সুপারিশসহ তা সৌদি সরকারের কাছে পাঠিয়েছেন।

রাষ্ট্রদূত এ বছরের বাংলাদেশ হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ গ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেন। মন্ত্রণালয়ের পাঠানো পত্রে ক্যাটারিং সুবিধা ঐচ্ছিক রাখা এবং মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ ৩ এর সেবামূল্য নির্ধারণের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২০ জুলাই ২০২৬


Back to top button