খাগড়াছড়ি

পাহাড়ে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, এক নারীর মৃত্যু

খাগড়াছড়ি, ০৩ মার্চ – খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সকালে উপজেলার দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান।

নিহত রূপসী চাকমা (২৬) ওই এলাকার হেমন্ত চাকমার স্ত্রী।

নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেনি। ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাত ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যান। এসময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, সকালে দুটি আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language