নরসিংদী

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

নরসিংদী, ১৭ জানুয়ারি – নরসিংদীতে দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৬টায় পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ এ তথ্য জানান।

আহতরা হলেন- ট্রাক চালক শরীয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাস ও ট্রাকের চালক। যাত্রীসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহত ট্রাক ও বাস চালকসহ বাসের আরও ছয় যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ জানুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language