ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক সুইস নাগরিকের আত্মহত্যা

তেহরান, ১০ জানুয়ারি – ইরানের জেলে সুইজারল্যান্ডের এক নাগরিক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গুপ্তচরবৃত্তির দায়ে তেহরান থেকে ১৮০ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়েছিল। তিনি জেলে আত্মহত্যা করেন বলে দেশটির সেমনান প্রদেশের প্রধান বিচারপতি জানিয়েছেন।
সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেগ আকবরি জানিয়েছেন, শুক্রবার সকালে কারাগারে সুইস নাগরিক আত্মহত্যা করেন। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিরাপত্তা বাহিনী আটক করেছিল। মামলার তদন্ত চলছিল। তার দাবি, সুইস নাগরিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি।
ইরানের জেল থেকে ইতালির এক নাগরিক ছাড়া পাওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটল। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় (এফডিএফএ) ই-মেইলের মাধ্যমে এই মৃত্যুর কথা স্বীকার করেছে। তাদের মুখপাত্র জানিয়েছেন, তেহরানের সুইস দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে সুইজারল্যান্ডই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে আসছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১০ জানুয়ারি ২০২৫









