মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

জেরুজালেম, ০৫ জানুয়ারি – ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার ভোরে আল-গোউলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ।

 

এ হামলা প্রসঙ্গে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন।’

হামলার ব্যাপারে আল-গোউলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, ‘বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। ধ্বংস হওয়া ওই বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।’

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে, যেন মানবিক সহায়তার ওপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে।’

এ হামলা ছাড়াও গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলায় নিহত প্রসঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ৪৮ ঘণ্টায় উপত্যকাটিতে মোট ১৩৬ জন মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৫ হাজার ৭১৭ জনের মৃত্যু হল। আর তাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৫ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language