রাঙ্গামাটি

সেনাবাহিনীর অভিযানে রাঙামাটির পাহাড়ে ইউপিডিএফের দুই ক্যাম্পের সন্ধান

রাঙামাটি, ০৪ জানুয়ারি – সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের (মূল) দুটি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ জানুয়ারি) রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়।

সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা ওই ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

আইএসপিআর জানায়, পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফের (মূল) একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গাজুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান রয়েছে।

এ ছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে বলে আইএসপিআর জানায়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪

Back to top button
🌐 Read in Your Language