দক্ষিণ এশিয়া

পাকিস্তানে তীব্র বায়ু দূষণে স্কুল বন্ধ ঘোষণা

ইসলামবাদ, ০৭ নভেম্বর – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বায়ুদূষণের কারণে ১৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শিশুদের সুরক্ষা ও দূষণ রোধে অনলাইনে পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

পাকিস্তানের ২৪০ মিলিয়ন মানুষের অর্ধেকেরও বেশি বসববাস করা এই প্রদেশে এর আগেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছিল সরকার।

বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, “পূর্বাভাস এবং বায়ুর গুণমান সূচকের দিকে তাকিয়ে আমরা সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দিচ্ছি।”

বায়ুদূষণের মাত্রা প্রকাশ করা সুইস গ্রুপ আইকিউএয়ারের লাইভ র‍্যাঙ্কিংয়ে লাহোরের স্কোর উঠেছে ১১৬৫-তে।

“আজ (গতকাল বুধবার) সকালের একিউআই ১১০০ পেরিয়েছে … আমি নাগরিকদের কাছে আবেদন করছি, আল্লাহর দোহাই, বাড়ি থেকে বের হবেন না,” আওরঙ্গজেব যোগ করেছেন।

ডাক্তাররা বলেছেন, লাহোরে রেকর্ড-উচ্চ বায়ুদূষণ আরও বেশি লোককে হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকে পাঠাচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে বাসিন্দারা মুখোশ পরতে এবং ধোঁয়া সম্পর্কিত অন্যান্য নির্দেশিকা অনুসরণ করতে ব্যর্থ হলে সম্পূর্ণ লকডাউন হতে পারে।

চিকিৎসকরা জানান, বেশিরভাগ লোক কাশি হওয়ার অভিযোগ করছেন বা তারা চোখজ্বলা অনুভব করছেন।

পাঞ্জাবের পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সালমান কাজমি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, “শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত কয়েক হাজার রোগীকে এক সপ্তাহে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।”

অন্যান্য ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম ফয়সালাবাদ, পাশাপাশি মুলতান এবং গুজরানওয়ালা।

এদিকে আজ বৃহস্পতিবারও লাহোরের দূষণের মাত্রা ৭১০ দেখা যাচ্ছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৭ নভেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language