নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

নরসিংদী, ০৪ নভেম্বর – নরসিংদীর মনোহরদী উপজেলায় ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের খালা পাপিয়া আক্তার (৩৭) এসময় আহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পৌর এলাকার মনোহরদী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী। আনিকা খালার বাড়িতে বসবাস করে স্থানীয় বিদ্যালেয় দশম শ্রেণিতে পড়াশোনা করত।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, বিকেলে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জুয়েল হোসেন আরও জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে তদন্ত হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ নভেম্বর ২০২৪








