নরসিংদী

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদী, ৩০ জানুয়ারি – নরসিংদীর বেলাবতে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের ওই ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া পোল্ট্রি খামারের ব্যবসাও করতেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় জিডি করেন।

পরিবারের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ করেছিলেন। একজনের নাম রুবেল, অপরজনের নাম-পরিচয় অজানা। নিখোঁজ হওয়ার পর এই দুই শ্রমিকও খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া নিহতের খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এতে ঘটনা আরও রহস্যজনক হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি এসএম আমানউল্লাহ বলেন, রাত ৮টায় মরদেহটি খামারের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগেও ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language