কক্সবাজারে সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার, ২০ সেপ্টেম্বর – কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতে গোসলে নেমে নাফি শাহরিয়ার (৩০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করেন।
আজ শুক্রবার দুপুর ২ টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফি শাহরিয়ার ঢাকার বংশাল থানার বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতে গোসল করতে যান।
‘গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে গিয়ে নিখোঁজ হন।’
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খবর পেয়ে বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালান। এক পর্যায়ে বিকেল পৌণে ৫ টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মো. তানভীর হোসেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৪









