ঢালিউড

বগুড়ায় হিরো আলমকে হত্যাচেষ্টা, ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১১ সেপ্টেম্বর – বগুড়ায় আদালত চত্বরে মারপিটের শিকার ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় তিনি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা হিরো আলমকে চারদিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর হিরো আলম দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন তিনি। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, আশরাফুল হোসেন আলম মামলা করেছেন। তিনি এই মামলায় ৮ জনকে আসামি করেছেন।

আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language