ক্রিকেট

বিসিবির বৈঠক আজ, ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম

ঢাকা, ২১ আগস্ট – বিসিবি আজ বুধবার (২১ আগস্ট) বোর্ড সভা ডেকেছে। এদিকে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমতাবস্থায় তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একপ্রকার অসম্ভবই বলা চলে। আর সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। জানা গেছে, এই সভায় অনলাইনে অংশ নেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এই সভাতেই নিজের পদত্যগের ঘোষণা দেবেন তিনি।

একই দিন নতুন বোর্ড প্রেসিডেন্টের ঘোষণাও আসতে পারে। আজ সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবেন। বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সংস্থাটির সভাপতি হতে হলে তাকে পরিচালক হতে হবে। তবে ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণেই তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।

এদিকে মঙ্গলবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language