চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ৫ আরসা সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম, ১২ জুলাই – কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক অভিযানে দেশীয় অস্ত্র ও গুলাবারুদসহ রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযানের সময় আরসা সদস্যদের গুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোছার খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ক্যাম্পটির মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), মো. বাশারের ছেলে মো. আয়ুব (২২), বাংলাদেশি নাগরিক আবৃদু রহমানের ছেলে আবুল হোসেন (২০)।

র‍্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য বিপুল পরিমাণ অস্ত্রসহ ক্যাম্পে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র‌্যাবের একটি চৌকস দল অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের গুলিতে এক র‍্যাব সদস্য আহত হন। পরে র‍্যাব কৌশলে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরসার ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আহত র‍্যাব সদস্য বর্তমানে রামু সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

তাদেরকে বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ জুলাই ২০২৪

Back to top button
🌐 Read in Your Language