ইউরোপ

রাশিয়ার ওয়ান্টেড অপরাধী তালিকায় জেলেনস্কি

মস্কো, ০৫ মে – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। একই সঙ্গে তাকে একটি ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

শনিবার (৪ মে) রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটাবেজের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস।

ডেটাবেজে শুধু বলা হয়েছে, রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম এবং ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখও এতে উল্লেখ করা হয়েছে।

গতকাল ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেক্সান্ডার লিটভিনিনকোকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়। এর একদিন পরই প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই তালিকায় যুক্ত করা হয়েছে।

আলেক্সান্ডার লিটভিনিনকো গত মার্চে আলেক্সই দানিলোভের স্থলাভিষিক্ত হন। তবে কোন অপরাধে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি রাশিয়া।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় দেশটিতে রাশিয়ার প্রায় এক লাখ সেনা প্রবেশ করে। প্রাথমিকভাবে রুশ সেনাদের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়া এবং জেলেনস্কিকে উৎখাত করে সেখানে নিজেদের আস্থাবহ সরকারকে স্থাপন করা। তবে রুশ বাহিনী এতে সফল হয়নি। কিন্তু তারা আবার পুরোপুরি পিছিয়েও যায়নি। ফলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৫ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language