পশ্চিমবঙ্গ

খেলার জন্যেই রাজনীতি ছেড়েছেন লক্ষ্মী: মমতা

কলকাতা, ৫ জানুয়ারি- মঙ্গলবার দুপুরে আচমকাই ‘লক্ষ্মী-ছাড়া’ তৃণমূল! বিধানসভা ভোটের আগে কার্যত বড় ধাক্কা তৃণমূলের কাছে। যদিও এর মধ্যে কোনও নেগেটিভ কিছু নেই বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কোনও ভুল বোঝাবুঝি নেই৷ লক্ষ্মীরতন শুক্ল খেলাধুলো সংক্রান্ত কাজে মন দিতেই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা। শুধু তাই নয়, তাঁকে পাঠানো ইস্তফা পত্রে লক্ষ্মী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাই উল্লেখ করেছেন বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী৷

তোলপাড় রাজ্য-রাজনীতি! হঠাত মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ ছাড়েন লক্ষ্মীরতন শুক্লা। একই সঙ্গে ছাড়লেন হাওড়ার জেলা সভাপতির পদও। হঠাত করেই লক্ষ্মী রতন শুক্লার ইস্তফা আগামী বিধানসভা ভোটের আগে নিঃসন্দেহে বড় ধাক্কা। যদিও তা মেনে নিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

তিনি বলেন, লক্ষ্মীর ইস্তফা অবশ্যই দুঃখজনক ঘটনা। শুধু তাই নয়, তৃণমূলের কাছে ধাক্কা বলে মেনেও নিয়েছেন সৌগতবাবু। এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দমদম লোকসভা কেন্দ্রের এই সাংসদ বলেন, “ও ভাল মন্ত্রী, সবাই ওঁকে পছন্দ করত। ওঁকে ফিরিয়ে আনা দরকার। আমি আবেদন করব লক্ষ্মী পদত্যাগপত্র তুলে নিন।”

লক্ষ্মীর ইস্তফা প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্মী ভাল ছেলে, পদত্যাগ করেছে৷ ও চিঠিতে মন্ত্রিত্ব ছাড়ার কথা লেখেনি৷ লিখেছে সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই, কারণ খেলার বিষয়ে আরও বেশি সময় দিতে হবে৷ তবে এমএলএ হিসেবে কাজ করব৷ বাকি সব দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক৷ এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই৷ খেলার জগতের মানুষ, খেলায় ফিরে যেতে চাইছে, আরও ভাল করে কাজ করুক৷’

আরও পড়ুন :  সৌরভ একবারে ফিট, ম্যারাথন দৌড়াতেও পারবেন : দেবী শেঠি

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীর ইস্তফাপত্র গ্রহণ করার জন্য তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন৷

তবে লক্ষ্মীরতনের আচমকা ইস্তফা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে৷ হাওড়া দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই লক্ষ্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে খবর৷ ঘনিষ্ঠ মহলেও লক্ষ্মী জানিয়েছিলেন, তিনি কাজ করতে পারছেন না৷ তবে আগামিদিনে বিজেপিতে লক্ষ্মী যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি।

তবে ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আপাতত কয়েকদিন বিশ্রাম। তবে আগামিদিনে কোনও রাজনৈতিক দলের হয়েই ভোটের ময়দানে নামবেন না বলে জানিয়েছেন লক্ষ্মী।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language