বলিউড

করণ জোহরের ‘বুল’ ছাড়লেন সালমান খান

মুম্বাই, ০১ এপিল – বিষ্ণুবর্ধন পরিচালিত ‘বুল’ সিনেমায় থাকছেন না সালমান খান। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলি পাড়ায়। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

তবে, শোনা যাচ্ছে সালমান নিজেই নাকি এই সিনেমা থেকে সরে গিয়েছেন। অন্যদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে প্রযোজকই বাদ দিয়েছেন সালমানকে। ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নাকি নাক গলাচ্ছিলেন সালমান। সেই কারণে নাকি প্রযোজক সরে আসেন।

তবে সত্যি-মিথ্যা যা-ই হোক ‘বুল’ ছবির ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা বোঝা যাচ্ছে।

কিছুদিন আগেও ‘বুল’ ছবির জন্য রীতিমতো প্রস্তুতি নিতে দেখা গেছে সালমান খানকে। সঠিক চেহারার জন্য জিমেই নাকি বেশির ভাগ সময় কাটাচ্ছিলেন। তবে সালমান নিজের তরফে প্রস্তুতি শুরু করে দিলেও বিভিন্ন সময় নানা কারণে পিছিয়ে যায় এই ছবির শুটিং। কথা ছিল ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপে শুটিং শুরু হবে। কিন্তু ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে পিছিয়ে যায় শুটিং। তার পর শোনা যাচ্ছে নতুন বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে ‘বুল’-এর। কিন্তু সেটা পিছিয়ে মে মাস করা হয়। এত কিছুর মাঝে নিজেকে হঠাৎই ছবি থেকে সরিয়ে নেন সালমান।

উল্লেখ্য, কথা ছিল ২৫ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন সালমান খান ও করণ জোহর। আর ‘বুল’ সিনেমাটির মাধ্যমে ধর্মা প্রোডাকশনের সঙ্গে ফের হাত মেলাবেন অভিনেতা। কিন্তু সেই সম্ভবনা এখন বিশ বাঁও জলে।

আইএ/ ০১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language