জাতীয়

সংসদে আমরাই একমাত্র বিরোধী দল

ঢাকা, ২৯ জানুয়ারি – জাতীয় সংসদে দলীয়ভাবে জাতীয় পা‌র্টি একমাত্র বিরোধী দল ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তি‌নি ব‌লে‌ছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী, সেটা মূল জিনিস।

সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় চুন্নু ব‌লেন, সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন, বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।

চুন্নু আরও বলেন, আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। স্পিকারের এই সিদ্ধান্ত নজির হিসেবে কাজ করবে। জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমু‌দের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। মানুষের আশা যে, জাপা আসলেই বিরোধী দল, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার। মানুষের মধ্যে সমালোচনা ছিল, গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয়, সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা ভূমিকা আগামীতে রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো।

রওশন এরশা‌দ অসুস্থ, অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে

এদিকে, জিএম কা‌দের ও মু‌জিবুল হক চুন্নু‌কে দল থে‌কে অব‌্যাহ‌তির বিষয়‌টি আম‌লে নেন‌নি ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন দলের মহাস‌চিব।

তি‌নি ব‌লেন, উনি (রওশন এরশা‌দ) খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, যা খুবই দুঃখজনক।

রওশন এরশা‌দের ঘোষণায় জাপায় কোনও অস্বস্তি নাই জানিয়ে মহাস‌চিব বলেন, রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনও অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নিই না। তা‌কে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে। আর তার সঙ্গে যারা র‌য়ে‌ছেন, তারা কেউ দলের কোনও পদ হোল্ড করেন না। এমনকি, সাধারণ মেম্বারও না।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২৯ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language