জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সহজীকরণে সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত

ঢাকা, ১২ জুলাই – বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে সম্মত হয়েছে দুই দেশের সরকার। এই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।

ওই সফরে তিনি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অসিম আজিম সিদ্দিকি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী।

অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ থেকে উন্নত মানের পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায়। এই পণ্যগুলোর পাকিস্তানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সংগ্রহের ক্ষেত্রেও পাকিস্তানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এছাড়া দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়েও একমত হয়েছেন সংশ্লিষ্টরা। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে উভয় দেশ আরও বাণিজ্য প্রতিনিধি দল আদান প্রদান করবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথভাবে কাজ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত সমঝোতা স্মারকটি সই হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধাগুলো দূর হবে। এর মাধ্যমে উভয় দেশের সরকারের মধ্যে সরাসরি যোগাযোগের পথ সুগম হবে এবং অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language