আইন-আদালত

২৫ বছরের আগে পদত্যাগ করলে সরকারি কর্মচারীরা পেনশন পাবেন না: আপিল বিভাগ

ঢাকা, ১২ জুলাই – সরকারি চাকরিতে ২৫ বছর সময়কাল পূর্ণ করার আগে কোনো কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে উল্লেখ করা হয়েছে যে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে এই বিধান করেছে। ফলে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারী আর্থিক বা অন্য কোনো পেনশনের অধিকারী হবেন না।

বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত ১১ মার্চ এই রায় প্রদান করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই রায়ের অনুলিপিটি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

নথি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেছিলেন। ১৯ বছরের চাকরি জীবন শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে ১৯ বছরের চাকরির মেয়াদে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের দাবিতে ২০১৫ সালে তিনি আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয় যে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত হবে। বিএসআর প্রথম খণ্ডের বিধি ৩০০ অনুযায়ী, এটি পেনশনের জন্য গণনাযোগ্য হবে না। এছাড়া ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী, ২৫ বছর পূর্ণ না করে পদত্যাগ করায় তিনি পেনশনের যোগ্য নন।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে ১৫ দিনের মধ্যে পেনশন সুবিধা গণনার নির্দেশ দেয়। এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১১ মার্চ আপিল বিভাগ চূড়ান্ত রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। রিট আবেদনকারী মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন। রায়ের অনুলিপি পাওয়ার পর রিভিউ আবেদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী মাহবুব মোরশেদ।

এনএন/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language