আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল মহারণ: লড়াই যখন ক্লান্তি বনাম ভ্রমণের

লন্ডন, ১২ জুলাই – বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর সেমিফাইনাল লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে শেষ চারের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলের প্রস্তুতির ধরনে দেখা গেছে স্পষ্ট পার্থক্য।
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে পরাজিত করতে ইংল্যান্ডকে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করতে হয়েছে। বর্তমান কোচ থমাস টুখেলের অধীনে এবারের আসরে এটিই ছিল ইংল্যান্ডের প্রথম ম্যাচ যা নির্ধারিত নব্বই মিনিটের গণ্ডি অতিক্রম করেছে।
অন্যদিকে আর্জেন্টিনার সেমিফাইনালের পথটি ছিল তুলনামূলক বেশি বন্ধুর। শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচেই অতিরিক্ত সময় পর্যন্ত মাঠে থাকতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।
মাঠে কাটানো সময়ের হিসেবে ইংল্যান্ডের তুলনায় আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের ওপর শারীরিক ধকল অনেক বেশি গেছে। বিশেষ করে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজদের জন্য রিকভারির সময়টাও একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইংল্যান্ড দল আর্জেন্টিনার আগেই তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ করায় সেমিফাইনালের আগে কিছুটা অতিরিক্ত বিশ্রামের সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টের এই পর্যায়ে কয়েক ঘণ্টার বিশ্রামও বড় পার্থক্য গড়ে দিতে পারে। আগামী ম্যাচের আগে হাতে চার দিনেরও কম সময় থাকায় খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে সতেজ রাখাই এখন আর্জেন্টিনা কোচিং স্টাফের প্রধান চ্যালেঞ্জ।
শারীরিক ক্লান্তির দিক থেকে আর্জেন্টিনা পিছিয়ে থাকলেও ভ্রমণের পরিসংখ্যানে আবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এবারের আসরে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন ভেন্যুতে খেলার জন্য হ্যারি কেইন ও বুকায়ো সাকাদের আকাশপথে প্রায় সাড়ে সতেরো হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভ্রমণজনিত ক্লান্তিও ইংল্যান্ডের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হতে পারে।
সব মিলিয়ে দক্ষতা, বিশ্রাম এবং মানসিক শক্তির এক চরম পরীক্ষা হতে যাচ্ছে এই সেমিফাইনাল। ফুটবল ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য এবং প্রবল প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
এনএন/ ১২ জুলাই ২০২৬







