ইরানে মার্কিন বাহিনীর পুনরায় হামলা, হরমুজ প্রণালিতে বিস্ফোরণ

তেহরান, ১২ জুলাই – ইরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে ইরানের বিপ্লবী গার্ডের কয়েকটি ছোট নৌকা লক্ষ্য করেও হামলা চালায় মার্কিন বাহিনী।
গত রাতে দীর্ঘ সময় ধরে চলা এই হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।
এর আগে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়। কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানিয়েছেন, শত্রুপক্ষের ছোড়া প্রায় ১০ থেকে ১১টি ক্ষেপণাস্ত্র তাদের দ্বীপে আঘাত হেনেছে।
সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরও জানান, এই হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনএন/ ১২ জুলাই ২০২৬







