ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর সত্যজিৎকে উৎসর্গ করে

ঢাকা, ৩০ ডিসেম্বর- করোনার পরিস্থিতির মাঝে ১৬ জানুয়ারি বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। উৎসর্গ করা হয়েছে সত্যজিৎ রায়কে।
রেইনবো চলচ্চিত্র সংসদ ৯ দিনব্যাপী উৎসবের স্লোগান নির্ধারণ করেছে, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়, এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইনডিপেনডেন্ট ফিল্ম, উইমেন্স ফিল্ম সেশন, লেজেন্ডারি লিডারস হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড ও ট্রিবিউট বিভাগে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
‘লেজেন্ডারি লিডারস হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ বিভাগটি এবারই প্রথম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্ত করা হয়েছে।
রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এ ছাড়া অনলাইনে প্রদর্শিত হবে কিছু সিনেমা।
করোনার কারণে অনেক বিদেশি অতিথি আসতে পারবেন না চলচ্চিত্র উৎসবে। তবে বিভিন্ন সেমিনারে তারা অনলাইনে যোগ দেবেন।
এ দিকে ২০২১ সালে উপমহাদেশের কিংবদন্তি অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ১০০ বছর উদ্যাপন করা হবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে। প্রদর্শিত হবে পথের পাঁচালি, অপরাজিত, জলসাঘর, সোনার কেল্লা, হীরক রাজার দেশের মতো বিখ্যাত চলচ্চিত্র।
উৎসবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রবন্ধ উপস্থাপন করবেন সাংস্কৃতিক সংগঠক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচক হিসেবে থাকবেন ভারতীয় অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর, ধৃতিমান চ্যাটার্জি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক, চিত্রশিল্পী, সংগীত ও চলচ্চিত্র সংগ্রাহক সৈয়দ রাফাত আহমেদ, চিত্রকলা ও চলচ্চিত্রের সমালোচক ও শিক্ষক মঈনুদ্দীন খালিদ এবং অভিনেতাও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া উৎসবে জুরি থাকছেন ১১ জন।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/৩০ ডিসেম্বর









