দক্ষিণ এশিয়া

কৃষকদের জন্য জীবনের শেষ অনশনের ঘোষণা আন্না হাজারের

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর- কৃষকদের দাবি মানা না হলে ফের অনশনে বসতে পারেন আন্না হাজারে। একই সঙ্গে ঘোষণা করেছেন, এটাই হবে তাঁর জীবনের শেষ অনশন।

গাঁধীবাদী অনশন আন্দোলনের জন্যই তাঁকে চেনেন দেশবাসী। দীর্ঘ আন্দোলন, অনশনের পর কার্যত তাঁর চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সেই আন্না হজারে এ বার দিল্লিতে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়ালেন। কৃষকদের আন্দোলনের সুষ্ঠু সমাধান না হলে আগামী বছরে জানুয়ারির শেষেই তিনি ফের অনশনে বসবেন বলে জানিয়েছেন ৮৩ বছরের সমাজকর্মী আন্না।

রালেগাঁও সিদ্ধিতে নিজের গ্রামে আন্না সাংবাদিকদের বলেছেন, ‘‘সরকার শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে, যার উপর আমার কোনও আস্থা নেই। দেখা যাক, কেন্দ্র আমার দাবিদাওয়া নিয়ে কী ব্যবস্থা নেয়। এক মাসের সময় চেয়েছে সরকার। তাই জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। দাবি না মিটলে ফের অনশন আন্দোলন চালু করব।’’

গত প্রায় ৩ বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন আন্না। সরকারকে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেছেন। সম্প্রতি সংসদে পাশ হওয়া ৩টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় ১ মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। সেই আন্দোলনে সমর্থন জানিয়ে আরও এক বার অনশন আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন আন্না।

গত ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরকে একটি চিঠি লিখেছিলেন আন্না। তাঁর দাবি ছিল, এম এস স্বামীনাথন কমিটির সুপারিশগুলি কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে ‘কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে। এই দাবি না মানলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন তিনি। তার পর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে আন্নার সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রের নতুন ৩টি কৃষি আইন সম্পর্কে তাঁকে ব্যাখ্যা দেন। তার পর গত ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা বন্‌ধে সমর্থন জানাতে ১ দিনের প্রতীকী অনশন করেন আন্না। এখন জানুয়ারির মধ্যে দিল্লিতে কৃষকদের আন্দোলনে কোনও সমাধান সূত্র বেরোয় কি না, তার উপরেই নির্ভর করছে, আন্নার জীবনের শেষ অনশন।

সূত্র: আনন্দবাজার

আর/০৮:১৪/২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language