যুক্তরাষ্ট্রে বড়দিনে সন্দেহভাজন হামলাকারী নিহত

ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর- বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। রবিবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রয়টার্স।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৬৩ বছরের ওই হামলাকারীও নিহত হয়েছে। শক্তিশালী ওই বিস্ফোরণের কাছেই এক ব্যক্তির দেহাবশেষ পাওয়ার পর তদন্তকারীরা মৃতদেহটির ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেন। এছাড়া শনিবার নাশভিলের শহরতলির অ্যান্টিওচ শহরে সন্দেহভাজনের বাড়িতেও তল্লাশি চালায় কর্তৃপক্ষ। ওই বাড়িটি থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে মৃতদেহের মিল খুঁজে পেয়েছেন এফবিআই-এর ফরেনসিক বিশেষজ্ঞরা।
স্থানীয় অ্যাটর্নি ডোনাল্ড কোচরান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, অ্যান্টনি ওয়ার্নার নামে একজন ব্যক্তি বোমা হামলা চালায়। বোমা ফাটানোর সময় সে উপস্থিত ছিল এবং হামলায় তার মৃত্যু হয়েছে।
ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় প্রকৃত অর্থে দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিতে তিন লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব।
কর্মকর্তারা বলছেন, তদন্তে হামলার নেপথ্য কারণ উঠে আসার মতো সময় এখনও আসেনি। এতো দ্রুত এটি বলা যায় না। ২৫ ডিসেম্বর স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে এফবিআই-সহ একাধিক সংস্থা। কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাগুলোও এতে যুক্ত হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/২৮ ডিসেম্বর









