ঢাকা

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার লালকুঠির এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শাহ আলম (৩৫) ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তাঁর বাবার নাম সৈয়দ আলী। তিনি দারুস সালামের লালকুঠির দ্বিতীয় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে দারুস সালাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে মারামারি হয়। এ সময় শাহ আলকে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে, এখনো চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language