ঢাকা

উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ঢাকা, ১৯ মার্চ – রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়ায় বসবাস করেন এবং তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালে ঈদের কেনাকাটা করার জন্য তার স্ত্রী ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতের ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারী। এতে ভারসাম্য হারিয়ে মুক্তা রিকশা থেকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

পথচারী ও রিকশার অপর যাত্রীর সহায়তায় তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুল জলিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত গৃহবধূর মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তুরাগ থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language