সাভারে পিস্তল ও ম্যাগাজিনসহ তিন অস্ত্রধারী যুবককে গ্রেফতার

ঢাকা, ১০ মে – সাভারের রাজাশন এলাকায় একটি বড় ধরনের অপরাধমূলক তৎপরতা নসাৎ করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )। রোববার (১০ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় কিছু সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে—এমন গোপন খবর পায় র্যাব-৪-এর একটি দল। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে সুমন, জাহিদ ও সবুজ নামে তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ১টি আধুনিক পিস্তল, ৩টি ম্যাগজিন ও বেশ কিছু তাজা গুলি।
অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে র্যাব -৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, “তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সাভার এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
আবাসিক এলাকায় পিস্তল ও ম্যাগজিনসহ তিন অস্ত্রধারী ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে র্যাবের দ্রুত ও সফল অভিযানের কারণে এলাকায় এখন স্বস্তি বিরাজ করছে। আটককৃতদের রাজনৈতিক পরিচয় বা তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখছে বাহিনীটি।
সাভার থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এনএন/ ১০ মে ২০২৬









