ফুটবল খেলা নিয়ে বিরোধ: আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা, ২ জুলাই – রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. আবুল বাশার নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় মো. সাদ্দাম নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে আদাবরের নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুরুতর অবস্থায় আবুল বাশার ও সাদ্দামকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে আবুল বাশারের মৃত্যু হয়।
নিহত আবুল বাশার আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই সবুজ মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি জানান, আবুল বাশার একটি সালিশ বৈঠকে যোগ দিয়েছিলেন। ফুটবল খেলা নিয়ে সৃষ্ট একটি বিরোধের মীমাংসা শেষে ফেরার পথে ৮ থেকে ১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, কয়েক দিন আগে ব্রাজিল ও জাপানের ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা হাবিব ও এক কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই ঘটনার জেরে বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন এলাকায় সালিশ চলাকালে আবারও সংঘর্ষ বাধে। এতে আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আবুল বাশার পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি বর্তমানে আদাবর বি ব্লকের ১ নম্বর সড়কে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।
এনএন/ ২ জুলাই ২০২৬









