মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ব্রেকথ্রুর সম্ভাবনা, ইসলামাবাদ যাচ্ছেন আরাগচি

তেহরান, ২৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন আরাগচি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে কথা বলেছেন।

ইরানি বার্তাসংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, আরাগচি পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে আলোচনা সম্পন্ন করেছেন।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি বিশেষ বিমান অবতরণ করেছে। এসব বিমানে উন্নত যোগাযোগের সরঞ্জাম, বুলেটপ্রুফ যানবাহন এবং নিরাপত্তারক্ষীসহ কারিগরি সদস্যদের নিয়ে আসা হয়েছে।

গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানি প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়। ইরান শর্ত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার আগে অবশ্যই তাদের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ১১ এপ্রিল ইসলামাবাদে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেখান থেকে কোনো চূড়ান্ত সমঝোতা আসেনি।

২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও হুঁশিয়ারি দিয়েছেন যে, তার শর্ত অনুযায়ী চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language