মধ্যপ্রাচ্য

আরব আমিরাতে সম্ভাব্য ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে হতে পারে ২৮ মে

আবুধাবি, ২৪ এপ্রিল – চলতি বছরের ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব।

বৈজ্ঞানিক হিসাব-নিকাশ বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই গণনা সঠিক হলে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। হজের মূল আনুষ্ঠানিকতা বা আরাফাতের দিন হতে পারে ২৬ মে।

শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের তথ্য অনুযায়ী, ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর আরব আমিরাতের আকাশে নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর চাঁদটি দিগন্তের ওপর প্রায় ৫৭ মিনিট দৃশ্যমান থাকবে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করার ফলে চাঁদটি খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে জানানো হয়েছে।

সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি বলেন, গবেষণালব্ধ বৈজ্ঞানিক তথ্যগুলো সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে প্রথা অনুযায়ী সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত দিন নির্ধারিত হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ পালন করা হয়। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসলিম সম্প্রদায়ের বড় এই উৎসবে পশু কোরবানির মাধ্যমে ধর্মীয় রীতি পালন করা হয়।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language