বৃহস্পতিবার চূড়ান্ত হচ্ছে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

ঢাকা, ১২ আগস্ট – বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসছে ক্ষমতাসীন বিএনপি। ওই দিন দুপুর ১২টায় সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির একাধিক নেতা জানিয়েছেন যে এই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।
প্রার্থীর সম্মতি গ্রহণ এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র একই দিনে নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে দলটির।
এর আগে গত ১০ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সর্বময় ক্ষমতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।
রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে জোরালো আলোচনা থাকলেও দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারিত রয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের প্রার্থী হিসেবে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
উল্লেখ্য যে গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এনএন/ ১২ আগস্ট ২০২৬









