ক্রিকেট

সাকিবের পঞ্চম বিশ্বকাপ, মরগ্যানের চোখে ‘গ্রেট অলরাউন্ডার’

ঢাকা, ০৯ অক্টোবর – ২০০৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান আর আয়ারল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেন ইয়ন মরগান। পরে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জেতেন এ ক্রিকেটার। মুখোমুখী ইংল্যান্ডের হয়ে তিনি সাকিবের বিপক্ষে খেলেছেন, আবার আইপিএলে নাইট রাইডার্সে সাকিবকে পেয়েছেন সতীর্থ হিসেবে। তাই টাইগার কাপ্তান সাকিবকে বেশ ভালো করেই চেনেন। ভারত বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব ভার উঠেছে সাকিবের কাঁধে। অন্যদিকে, ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপের কমেন্ট্রি বক্স মাতাচ্ছেন অবসর নেয়া মরগান। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মরগানের বর্তমানে অবস্থান ভারতের ধর্মশালায়। সেখানেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের বেশ প্রশংসা করেছেন ইংলিশদের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

মর্গান বলেছেন, পারফরম্যান্সের কথা বললে সে (সাকিব) অবিশ্বাস্য একজন। সবসময়ই তাকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন মনে করা হয়েছে এবং পারফরম্যান্স দিয়েই সে তা প্রমাণ করেছে। ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। খুব বেশি বর্তমান ক্রিকেটার নেই, যারা পাঁচটি বিশ্বকাপ খেলেছে। কাজেই পারফরম্যান্সের পাশাপাশি তার এই যে দীর্ঘস্থায়িত্ব, এটাই তাকে গ্রেট অলরাউন্ডারদের একজন করে তুলেছে।

মর্গান আরো জানিয়েছেন, ইংলিশদের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশকে সহজভাবে নেওয়ার উপায় নেই। অবশ্য একই সুর শোনা গেছে বর্তমান ইংলিশ জস বাটলারের মুখেও।

আফগানিস্তানকে হারিয়েছে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language