আইন-আদালত

ই-সিগারেট কেন নিষিদ্ধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল

ঢাকা, ২৯ জুন – জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় দেশে ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাতকরণ কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব এবং আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং ব্যারিস্টার নিশাত মাহমুদ। শুনানির পর আইনজীবী নিশাত মাহমুদ জানান যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী ই-সিগারেট বিক্রি বা ব্যবহারের বৈধ কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন যে সরকার রাজস্ব আদায়ের উদ্দেশ্যে একে পণ্য হিসেবে বাজারজাত করার উদ্যোগ নিলেও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এটি ব্যবহারের সুযোগ নেই।

মূলত জনস্বাস্থ্যের হুমকির কথা বিবেচনা করেই ই-সিগারেট নিষিদ্ধের দাবিতে এই রিট করা হয়। এর আগে গত ১৭ জুন সাইফুদ্দিন আহমেদ, এ কে এম মাসুদ এবং হেলাল নামে তিন ব্যক্তি ই-সিগারেট নিষিদ্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন। উক্ত রিটে স্বাস্থ্য সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছিল।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language