ফুটবল

বিশ্বকাপের শিরোপা দৌড়ে সবার চেয়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা: অপটা অ্যানালিস্ট

ওয়াশিংটন, ২৯ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বের উত্তেজনার ইতি ঘটেছে। ৪৮টি দল নিয়ে শুরু হওয়া এই ফুটবল মহাযজ্ঞ এখন ৩২ দলের নকআউট লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এই পর্যায়ে দলগুলোর প্রতিপক্ষ যেমন নির্ধারিত হয়েছে তেমনই ট্রফিতে চুমু খাওয়ার সম্ভাব্য পথচিত্রও পরিষ্কার হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগের তুলনায় এখন শিরোপা দৌড়ের সমীকরণ অনেক বেশি বাস্তবসম্মত। এমন প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ম্যাচের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি নকআউট পর্বের জন্য নতুন হিসাব প্রকাশ করেছে।

তাদের তথ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রথম ম্যাচেই নিজেদের পূর্বাভাসের সঠিকতা প্রমাণ করেছে অপটা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের যে সম্ভাবনা তারা দেখিয়েছিল শেষ পর্যন্ত মাঠের ফলও হয়েছে ঠিক তাই।

সুপারকম্পিউটারের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী শেষ ষোলোতে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। তাদের পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। শুধু তাই নয় দলটির কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৫৮.৩ শতাংশ এবং সেমিফাইনালে খেলার সম্ভাবনা ৪২.৭ শতাংশ। অপটার তথ্য মতে ফরাসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ যা টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে নকআউটের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে ওঠার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দের মুখোমুখি হতে যাওয়া লিওনেল মেসিদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ। ট্রফি জয়ের লড়াইয়ে তারা ফ্রান্সের চেয়ে সামান্য পিছিয়ে থাকলেও ফাইনালে ওঠার দৌড়ে তারাই সবচেয়ে এগিয়ে।

অপটার বিশ্লেষণ অনুযায়ী শিরোপা জয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ এবং হ্যারি কেইনের ইংল্যান্ডের সম্ভাবনা ৯.৭ শতাংশ। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে সুপারকম্পিউটার তেমন আশাবাদী নয়। নেইমার ও ভিনিসিয়ুসদের শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র ৬.৫ শতাংশ যা তাদের তালিকার পঞ্চম স্থানে রেখেছে।

এছাড়া পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অঘটনের জন্ম দেওয়ার দৌড়ে রয়েছে কলম্বিয়া ও নরওয়ের মতো দলগুলো। তাদের সম্ভাবনা যথাক্রমে ৩.২ শতাংশ ও ৩ শতাংশ। এ ছাড়া স্বাগতিক যুক্তরাষ্ট্রের ২.৫ শতাংশ এবং জাপানের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১ শতাংশ।

যদিও পরিসংখ্যান কথা বলে তবে ফুটবলের অনিশ্চয়তা যে কোনো মুহূর্তেই বদলে দিতে পারে সব সমীকরণ।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language