৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করবে গ্রিস

এথেন্স, ২৮ সেপ্টেম্বর – শ্রমবাজারের চাহিদা মেটাতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত হওয়ার সুযোগ দেয়ার কথা ভাবছে ইউরোপের দেশ গ্রিস৷ এতে আনুমানিক ৩ লাখ অভিবাসী বৈধতার সুযোগ পাবেন, যারা নথিভুক্ত নয় বা যাদের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস কাইরিদিস এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, কৃষি, নির্মাণ ও পর্যটন শিল্পে কর্মী সংকট দূর করতে অন্তত তিন লাখ, যারা নথিভুক্ত নয় এবং মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিটধারীদের বৈধতা দেওয়া হতে পারে।
২০২০ সালের ইতালির নেওয়া সিদ্ধান্তের আলোকেই গ্রিসের বর্তমান সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে চায়। গ্রিসের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির মধ্য ডানপন্থি প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। আলোচনায় অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বৈঠকে সামরিক সরঞ্জাম ক্রয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।
অভিবাসনমন্ত্রী বলেন, আমরা আরও বেশিসংখ্যক অনিয়মিত (অভিবাসী) প্রবাহের জন্য নতুন প্রণোদনা তৈরি করতে চাই না। কারণ এটি বিপজ্জনক। অন্যদিকে, আমরা কালো থেকে সাদাতে যেতে চাই। অঘোষিত থেকে ঘোষিত শ্রমে যেতে চাই। কর্মসংস্থান তৈরির মাধ্যমে শ্রম ঘাটতি মেটাতে চাই।
কাইরিদিস বলেছেন, কর্মী সংকটে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে একটি পাতাল রেল নির্মাণ এবং ক্রিটে দ্বীপে নতুন বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি জনসংশ্লিষ্ট প্রকল্প ধীর গতিতে এগোচ্ছে।
তুরস্ক হয়ে অভিবাসী আসার হার যখন বেড়ে গেল, তখনই এমন পরিকল্পনার কথা জানাল গ্রিস সরকার। এমনকি, মঙ্গলবারও গ্রিসের পূর্বাঞ্চলীয় দুটি দ্বীপ থেকে শ’খানেক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামোস দ্বীপের কাছে ৪৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিক উপকূলরক্ষীরা। এই ৪৫ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৯ জন নারী, ১৪ জন কিশোর ও আটজন কিশোরী রয়েছেন। তাদের মধ্যে কেউ নিখোঁজ হয়নি বলে জানা গেছে।
গ্রিক কোস্ট গার্ড আরও জানিয়েছে, লেসবোসে অপর একটি নৌকা থেকে আরও ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। একইদিনে, কোস দ্বীপ থেকেও উদ্ধার করা হয়েছে দুই অভিবাসনপ্রত্যাশীকে।
সম্প্রতি অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে গ্রিস।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩







