কুমিল্লা

প্রধানমন্ত্রী কুমিল্লাকে সব দিয়েছেন

কুমিল্লা, ০২ সেপ্টেম্বর – অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কুমিল্লা সব ক্ষেত্রেই এগিয়ে। এখানকার ছেলেমেয়েরা মেধাবী। তারা শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে। এখানকার ছেলেমেয়েরা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাকে সব কিছু দিয়েছেন। আইটি পার্ক, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর এবার নলেজ পার্কও করে দিচ্ছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। তার ইচ্ছায় কুমিল্লায় নলেজ পার্ক হচ্ছে। সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আজকে যে নলেজ পার্ক উদ্বোধন হলো, এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবশক্তিতে পরিণত হতে পারবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নলেজ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে আইটি খাতে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হবে। অন্যদের উদ্যোক্তা বানাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ বলেন, ১৭৫ কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ৮৮ একর জায়গা নিয়ে ওই নলেজ পার্ক হবে। এতে ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর অন্তত তিন হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ১২টি জেলায় এই পার্ক হচ্ছে। এর মধ্যে কুমিল্লায় একটি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language