কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান: মহাসড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

কুমিল্লা, ১৬ মে – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কুমিল্লা সফরে এলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তার আগমনকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুক্ত পরিবেশের সৃষ্টি হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে। ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর যাওয়ার পথে তাকে শুভেচ্ছা জানাতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন।
এসময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নির্ধারিত পয়েন্টগুলোতে জড়ো হতে থাকেন।
দাউদকান্দি এলাকায় কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া আলেখারচর থেকে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি মহানগর বিএনপি এবং সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও বিপুল উপস্থিতি লক্ষ করা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
এস এম/ ১৬ মে ২০২৬









