বর্ষার শুরুতেই ডেঙ্গুর থাবা! ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৩০০

ঢাকা, ১ জুন – বর্ষা মৌসুমের শুরুতেই দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন রোগী।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০০ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে আটজন, রাজশাহী বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি খুলনা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে এবং মে ও জুন মাসে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ১৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩ হাজার ৩০৭ জন রোগীর মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএন/ ১ জুন ২০২৬









