পারস্য উপসাগরে ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণ

তেহরান, ১ জুন – পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গোরুক এবং কেশম দ্বীপে বোমাবর্ষণ করেছে মার্কিন বিমান বাহিনী। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকোম।
ইরানীয় এই দুই দ্বীপে প্রতিরক্ষা বাহিনীর মোতায়েন করা রাডার এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।
সেন্টকোম জানিয়েছে গত রোববার যুক্তরাষ্ট্রের একটি এমকিউ ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছিল ইরানের বাহিনী। সেই ঘটনার পাল্টা জবাব হিসেবেই গোরুক ও কেশম দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন বাহিনীর এই হামলায় একটি এয়ার ডিফেন্স সিস্টেম একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি আক্রমণকারী ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে অভিযানে কোনো প্রাণহানি ঘটেনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি স্থায়ী শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা চলমান রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে হামলার খবর এল।
এর আগে পরমাণু প্রকল্প ইস্যু নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে টানা ৪০ দিন সংঘাত শেষে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। চলমান এই বিরতির মধ্যেও গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। এর জবাবে বন্দর আব্বাসের একটি ড্রোন কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যার পাল্টা হিসেবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
এনএন/ ১ জুন ২০২৬









