টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের উপরে রেমিটেন্স: মে মাসে এলো ৩.৪২ বিলিয়ন

ঢাকা, ১ জুন – দেশের প্রবাসী আয়ে টানা ছয় মাস ধরে ইতিবাচক প্রবাহ বজায় রয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর ফলে টানা ছয় মাস ধরে রেমিটেন্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের ঘর ছাড়াল।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ০৯ শতাংশ বেশি এবং পুরো অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বেশি। একক মাস হিসেবে মে মাসের এই আয় এখন পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। গত বছরের মে মাসের তুলনায় প্রবাসীরা এবার ১৪ দশমিক ৩৪ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন।
মূলত আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিবারের চাহিদা মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রতি ডলারে এখন ১২৩ টাকা প্রদান করা হচ্ছে। এই বিনিময় হারের প্রভাবে মে মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪ লাখ ডলার বা ১ হাজার ৩৫৯ কোটি টাকা দেশে এসেছে।
তিনি আরও বলেন, ইরান পরিস্থিতির কারণে প্রবাসী আয় কমার আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
রেমিটেন্সের এই শক্তিশালী অবস্থানের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সোমবার বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার। মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি জুন মাসেও যদি এই ধারা অব্যাহত থাকে, তবে অর্থবছরের শেষে রেকর্ড ৩৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিটেন্স আসার সম্ভাবনা রয়েছে।
বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকর ভূমিকা রাখছে।
এনএন/ ১ জুন ২০২৬









