কুমিল্লা

কুমিল্লার হাটে নজর কাড়ছে রাজস্থানি উট সুলতান, দাম চাওয়া হচ্ছে ৩২ লাখ টাকা

কুমিল্লা, ১৫ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার পশুর হাটে প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বিশাল আকৃতির উট সুলতান। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি এগ্রো ফার্মে রাখা এই উটটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে সুলতানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আগত দর্শনার্থীরা এই মরুভূমির প্রাণীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত সময় পার করছেন।

খামারের মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান থেকে এই উটটি সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ছয় বছর বয়সী এই উটটির নাম তার ছেলের পছন্দের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে সুলতান। তিনি আরও জানান, পশুর হাটে ভিন্নতা আনতেই তিনি উটটি সংগ্রহ করেছেন। বর্তমানে সুলতানের দাম চাওয়া হচ্ছে ৩২ লাখ টাকা। অনেক ক্রেতা আসলেও বাজার পুরোপুরি জমে না ওঠায় এখনও চূড়ান্ত দরদাম হয়নি।

তবে কাঙ্ক্ষিত দাম পেলে শিগগিরই এটি বিক্রি করবেন এবং আগামীতে নেউরা পশুর হাটে তোলার পরিকল্পনা রয়েছে তার। উটটির তত্ত্বাবধানকারী সুমন মিয়া জানান, উট পালন গরুর মতোই সহজ এবং এদের রোগবালাই কম হয়। সুলতান বেশ শান্ত স্বভাবের এবং বালু পেলে সেখানে শুয়ে থাকতে পছন্দ করে।

ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার সুলতানের বেশি প্রিয়। স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলম জানান, কুমিল্লার পশুর হাটে এর আগে উট দেখার সুযোগ হয়নি যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, উট এ দেশের স্থানীয় প্রাণী না হলেও কোনো প্রয়োজন দেখা দিলে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, এবারের কোরবানি উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনসহ জেলার বিভিন্ন স্থানে মোট ৪৩০টি পশুর হাট বসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language