ইউরোপ

প্রিগোজিন প্লেন বিধ্বস্তেই মারা গেছেন

মস্কো, ২৭ আগস্ট – প্লেন বিধ্বস্তের ঘটনায় ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) রুশ তদন্তকারী দল জেনেটিক বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাশিয়ায় ১০ আরোহীকে নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়। এটিতে প্রিগোজিন ছিল বলে দাবি করে রুশ কর্তৃপক্ষ। এবার তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলো তারা।

তদন্তকারী দল জানিয়েছে, বিধ্বস্ত প্লেনে থাকা ১০ আরোহীরই পরিচয় শনাক্ত করা হয়েছে।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল প্রিগোজিনসহ শীর্ষস্থানীয় কয়েকজন লেফটেন্যান্ট বিধ্বস্ত প্লেনে ছিল।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রুশ প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোজিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি। সেই ১৯৯০ সাল থেকে।

ওয়াগনার প্রধান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।

পুতিন বলেন, প্রিগোজিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language