ভারত সফরে যাচ্ছেন না পুতিন


মস্কো, ২৬ আগস্ট – দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে সশরীরে উপস্থিত ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আগামী সেপ্টেম্বরে উদীয়মান অর্থনীতির জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। তবে এই শীর্ষ সম্মেলন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সশরীরে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।
তবে আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, চীনের ওয়ান বেল্ট, ওয়ান রোড ফোরামের সময় বেইজিং সফরে যাবেন পুতিন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়াকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে চীন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ আগস্ট ২০২৩







