বরেণ্য নাট্যকার মান্নান হীরা আর নেই

ঢাকা, ২৩ ডিসেম্বর- বাংলাদেশের পথনটাকের অন্যতম পুরোধা নাট্যজন মান্নান হীরা আর নেই। বুধবার (২৩ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস এ তথ্য নিশ্চিত করেন।
মান্নান হীরা পথনাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। আমৃত্যু তিনি পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা।
মান্নান হীরার নাট্য রচনার প্রধান উপাদান নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ। বিশেষ করে তার পথনাটক বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণ কেন্দ্র করে লেখা।
তিনি প্রায় ১৫টি নাটক লিখেছেন। উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।
তার পথনাটক ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে নিয়মিতভাবে অভিনীত হয়ে থাকে। একই সঙ্গে তার একাধিক নাটক অনূদিত হয়ে দিল্লি, হংকং, পাকিস্তান, নেপলসহ অনেক দেশে প্রদর্শিত হয়ে আসছে।
আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’
২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত একমাত্র চলচ্চিত্র। এর বাইরে ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন।
২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
আডি/ ২৩ ডিসেম্বর









