ভাড়াটিয়াদের প্রতি বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান মনিরা মিঠুর

ঢাকা, ২৭ জুলাই – জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু দেশের বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানান যে, ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন কঠিন নিয়মের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেছেন।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, প্রায় প্রতি বছরই বাড়িভাড়া বাড়ানো হচ্ছে যা মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অভিনেত্রী বলেন, ভাড়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ, উচ্চ সার্ভিস চার্জ এবং অনেক ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের খরচও ভাড়াটিয়াদের বহন করতে হয়।
অনেক ভবনে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়া যায় না। তিনি আরও অভিযোগ করেন, আধুনিক যুগেও অনেক আবাসিক ভবনে রাত ১১টার পর মূল গেট বন্ধ করে দেওয়া হয়, যা কর্মজীবী মানুষের জন্য চরম বিড়ম্বনার।
নিরাপত্তা রক্ষার অজুহাতে ভাড়াটিয়াদের চলাচলে বাধা দেওয়া হলেও অপরাধীরা ঠিকই সুযোগ পেয়ে যায় বলে তিনি মন্তব্য করেন। সবশেষে তিনি বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভাড়াটিয়াদের মানুষ হিসেবে মূল্যায়ন করা এবং তাদের প্রতি সহনশীল আচরণ করা অত্যন্ত জরুরি।
এস এম/ ২৭ জুলাই ২০২৬









