প্রবাসীদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে আজাদ আবুল কালাম

ঢাকা, ১৩ সেপ্টেম্বর- একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। বিশেষ করে প্রবাসীদের একাংশ তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীদের এমন আচরণের প্রতিবাদে দেশের শোবিজ অঙ্গনের অনেকেই বাঁধনের পাশে দাঁড়ান।
এরই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি সংহতি ও ভালোবাসা জানিয়ে একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন আজাদ আবুল কালাম। সেখানে একপর্যায়ে প্রবাসীদের উদ্দেশে তিনি ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করেন। এরপরই তার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
প্রবাসীদের অভিযোগ, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের জন্য অর্থ পাঠানো মানুষদের এভাবে সম্বোধন করা অসম্মানজনক। তাদের ভাষ্য, পরিবার-পরিজন ছেড়ে বিদেশে গিয়ে প্রবাসীরা কঠোর পরিশ্রম করেন। পাশাপাশি তারা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই একজন বরেণ্য অভিনেতার কাছ থেকে প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য তারা আশা করেননি।
এ ঘটনায় শুধু প্রবাসীরাই নয়, দেশে থাকা তাদের পরিবারের সদস্য ও স্বজনদের অনেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। তাদের অনেকে আজাদ আবুল কালামের ছবি ও বক্তব্যের ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেছেন।
শোবিজ অঙ্গনের কয়েকজন শিল্পী ও কলাকুশলীও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মতে, কোনো পেশা বা শ্রমকে অবজ্ঞা করা কিংবা ছোট করে দেখা উচিত নয়।
এদিকে আজাদ আবুল কালামের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সমালোচনা করেছেন।
তাদের দাবি, গত ১৭ বছরে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক প্রচার-প্রচারণায় তার কণ্ঠ শোনা গেছে। ফলে ভেনিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমালোচনা করতে গিয়ে প্রবাসীদের ‘কামলা’ বলা নিয়ে তারা প্রশ্ন তুলছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদ আবুল কালামের পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, অভিনেতা ইউরোপে থাকা সব প্রবাসীকে উদ্দেশ করে মন্তব্যটি করেননি। বরং আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেছেন।
তবে নিজের বক্তব্য নিয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬







