ইউরোপ

চিঠির সঙ্গে ম্যাক্রোঁর কাছে পাঠানো হলো কাটা আঙুল

প্যারিস, ১৪ জুলাই – ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনের কাছে একটি চিঠির সঙ্গে কাটা আঙুল পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সরকারি কৌঁসুলিরা এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের ঠিকানায় আসা চিঠিতে একটি আঙুলের সামনের অংশ পাওয়া গেছে।
এই ঘটনার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।

চলতি সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের কার্যালয়ের কর্মীরা বিভৎস এই ঘটনার মুখোমুখি হয়েছেন। তারা এলিসি প্রাসাদের ঠিকানায় আসা একটি চিঠির সঙ্গে আঙুলের খণ্ডাংশ পেয়েছেন। ফরাসি সাময়িকী ভ্যালিয়ার্স অ্যাকুচুয়েলেস এই ঘটনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার তদন্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, চিঠিটি যিনি পাঠিয়েছেন কাটা আঙুল তারই বলে ধারণা করা হচ্ছে। তিনি (চিঠির প্রেরক) মানসিক সমস্যায় ভুগছেন।

উল্লেখ্য, প্যারিসে এলিসি প্রাসাদের ঠিকানায় প্রত্যেক দিন এক হাজার থেকে দেড় হাজার চিঠি ও ই-মেইল আসে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে নাগরিকরা তাদের চিন্তা-ভাবনা ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা জানান। এলিসি প্রাসাদের ৭০ জনের কর্মীর একটি দল প্রত্যেক দিন এসব চিঠি নিয়ে কাজ করেন।

জনগণের চিন্তাভাবনার বিষয়ে জানতে ম্যাকরন চিঠিগুলো পর্যবেক্ষণ করেন। অনেক সময় তিনি হাতে লিখে কারও কারও চিঠির জবাবও দেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৪ জুলাই ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language