কিশোরগঞ্জ

ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে হারিয়ে গেলেন নিজেই

কিশোরগঞ্জ, ১১ জুলাই – নৌকাডুবির কবলে পড়া যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো সাকিবুল হাসান (২৩) নামে এক যুবকের। সোমবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামের ভাতশালা এলাকার হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৬টার দিকে ভাতশালা ছোট ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সাকিবুল হাসান অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীর কান্দি মোল্লা বাড়ির আব্দুর রহিমের ছেলে এবং আজমপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ছোট ব্রিজ এলাকায় নৌকায় করে সাপান্ত গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৭ জন যাত্রী ১টি গরু ও কিছু লাকড়ি নিয়ে যাচ্ছিল। নৌকটি ব্রিজের নীচ দিয়ে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে ডুবে যায়। একই সময় মোটরসাইকেলযোগে পাশের সড়কপথে বাড়ি থেকে আদমপুর বাজারে যাচ্ছিলেন সাকিবুল হাসান।

ঘটনা দেখে তিনি মোটরসাইকেল ফেলে নৌডুবির শিকার লোকজনকে উদ্ধারের জন্য হাওড়ের পানিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুজন শিশুকে উদ্ধার করে নিজেই ক্লান্ত হয়ে তলিয়ে যান প্রচণ্ড স্রোতের মধ্যে। খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবির দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সাকিবুল হাসানের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার কোভিদ আহমেদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/১১ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language